• শনি. অক্টো. 3rd, 2026

নীতি নির্ধারণে তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি: অর্থমন্ত্রী

Bytrendnews

অক্টো. 3, 2026


বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন ‘নতুন স্বাভাবিক অবস্থা’ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তার ভাষ্য, “বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের এই চ্যালেঞ্জিং সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি।”

শনিবার ঢাকায় অর্থনীতিবিষয়ক একটি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান ও তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থমন্ত্রণালয়ে আমাদের প্রতিনিয়ত এরকম অপ্রত্যাশার মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।”

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় যে চাপ তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

“জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’ এর গ্র্যান্ড ফাইনাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজ করে জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ)।

শিক্ষার্থীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না এবং সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথ দেখাতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষা পাসের জন্য নয়, একে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।”

এ প্রতিযোগিতায় দেশের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া। সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।