
মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি দিতে দেরি করায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে এয়ারলাইনস কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিমানের ওই দুই কর্মকর্তা হলেন- ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকাল ৯টা ১০ মিনিটে আসা ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে আনা জমজমের পানি সময়মত পাচ্ছিলেন না। কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে সময়মত জমজমের পানি পৌঁছাতে দেরি হয়।”
বিষয়টি বিমান ও পর্যটন মন্ত্রীর নজরে এলে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করে বিমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “খবর পাওয়ার পরপরই ওমরাহকারীদের দুর্ভোগ কমাতে নিজেদের সংরক্ষিত মজুদ থেকে দ্রুত জমজমের পানি বিতরণ করা হয়। এর কিছুক্ষণের মধ্যে আটকে থাকা কনটেইনারটি শনাক্ত করে সবার পানি সরবরাহ নিশ্চিত করা হয়।”
bdnews24