
Published :
28 Sep 2026, 11:25 PM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল সোমবার নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে।সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মত বিনিময় করতেই এই বৈঠক হবে।
তবে সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনও নতুন আলোচনা বা বৈঠকে বসবে না ইরান। ভেতরের খবর জানেন এমন একজন এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন সংবাদে বলা হচ্ছিল যে, নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হতে পারে। কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র এমন খবর সত্য নয় বলে জানিয়েছে।
সূত্র স্পষ্ট করে বলেছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং তার প্রতিনিধিদল সেখানে কোনও দেশের সঙ্গে নতুন করে সমঝোতা বা আলোচনা করতে যাচ্ছেন না; বরং চলমান পরিস্থিতি বোঝার জন্য এবং মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিজেদের মতামত শেয়ার করার জন্য বৈঠকে অংশ নেবেন।
সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের সময় ইরানি প্রতিনিধিদল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তাদের অবস্থান, শর্তাবলী এবং প্রস্তাব স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছে।
ওদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে, নিউ ইয়র্কে আরাকচির অবস্থানের সময় বাড়ানো হয়নি এবং পররাষ্ট্রমন্ত্রী পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী তেহরানে ফিরে যাবেন।
রয়টার্সে কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আসন্ন বৈঠকে একটি সংশোধিত প্রস্তাবের ওপর জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে, যে প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান উপস্থাপন করেছিল।