
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের তথ্যপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আন্তর্জাতিক মানের সব সুবিধা ও তথ্য একই জায়গায় পাবেন। নতুন ওয়েবসাইটের লিংক হচ্ছে new.dsebd.org।
আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসই পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার, বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের (আইপিএফ) চেয়ারম্যান নাসরিন বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ডিএসই কর্মকর্তারা জানান, নতুন ওয়েবসাইটটিতে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য (ইউজার এক্সপেরিয়েন্স) বাড়াতে এবং সব ধরনের প্রয়োজনীয় তথ্য সহজে এক জায়গায় রাখতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।