• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

গাজী নজরুলের এমপি থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

Bytrendnews

সেপ্টে. 22, 2026


দ্বিতীয় স্ত্রী মরিয়মের ‘আত্মহত্যার’ পর জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ এখনো বহাল কীভাবে থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মরিয়মের মৃত্যু ও এর আগে মেয়েটির সঙ্গে ঘটা ‘যৌন ব্ল্যাকমেইলের’ নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত তদন্তের পাশাপাশি নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকায় সংসদের মর্যাদাহানিকর অবস্থান থেকে পরিত্রাণের উপায় নিরূপণের জন্য স্পিকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজেদের এ অবস্থান তুলে ধরে সংস্থাটি জনপ্রতিনিধিদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নেরও দাবি তুলেছে।

সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার সন্ধ্যায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার স্ত্রী মাকছুদা ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। এরইমধ্যে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তাই বলে, দলের বিপক্ষে ভোট না দেওয়ার মত পরিস্থিতির উদ্ভব না হলেও সংসদ ও অন্যান্য সংসদ সদস্যদের জন্য মর্যাদাহানিকর এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তির সংসদ সদস্য পদ অব্যাহত থাকবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

“দলীয় তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার, পদ ও প্রভাব ব্যবহারের গুরুতর অভিযোগ এবং এখন দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পরও গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকাকে দল মত নির্বিশেষে অন্য সংসদ সদস্যরা কীভাবে দেখছেন?

“সংসদের জন্য মর্যাদাহানিকর অবস্থার জন্য দায়ী ব্যক্তির জবাবদিহি ব্যবস্থা কেন থাকবে না? একজন জনপ্রতিনিধিকে ঘিরে এমন ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিক প্রশ্ন জাতীয় সংসদের মর্যাদার জন্য অবমাননাকর এবং সংসদ সদস্যদের জন্য চরম লজ্জাজনক।”

ফৌজদারি দায় নির্ধারণ করবে আদালত; কিন্তু সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তাই গাজী নজরুলের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সংসদ ও নির্বাচন কমিশনকে অবিলম্বে স্পষ্ট করার দাবি তুলেছেন তিনি।

গাজী নজরুল কাণ্ডকে সংসদ সদস্যদের ‘নৈতিক স্খলনের ব্যতিক্রমী দৃষ্টান্ত’ আখ্যা দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “দুঃখের বিষয়, সংসদ সদস্যদের নৈতিক স্খলনের তথ্য বিভিন্ন গবেষণা ও স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এর আগেও ধারাবাহিকভাবে প্রকাশিত এবং আলোচিত হয়েছে। কিন্তু তা প্রতিকারে কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি।”

এ প্রেক্ষিতে সংসদ সদস্যদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধির প্রণয়নের পরামর্শ দেন তিনি।

ঢাকার মগবাজারের একটি হোটেলে গত ২০ জুলাই রাতে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন।

পরে গাজী নজরুল ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার তথ্য দিয়ে ২২ জুলাই গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।