চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়েছে চসিক। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে বেশ কয়েকটি ভাসমান দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়।
মেয়র বলেন, ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, নগরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশনের চলমান পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ কার্যক্রমে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা বা দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এমআরএএইচ/এমআইএইচএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
