
যেহেতু বিষয়ভেদে প্রচলিত গবেষণা পদ্ধতিতে কিছু পার্থক্য থাকে, সেহেতু আপনি যে বিষয়ে পড়ছেন, এর সঙ্গে সম্পর্কিত সংস্থা বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। ভবিষ্যতে আপনি যদি গণস্বাস্থ্য নিয়ে কাজ করতে চান, তাহলে আইসিডিডিআরবি, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, পি আই রিসার্চ সেন্টার কিংবা বাইনারি ডেটা ল্যাবে গবেষণা শেখার শর্টকোর্সে ভর্তি হতে পারেন। এ ছাড়া স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার এসপিএসএস, এসটিএটিএর ওপর কোর্স করতে পারেন, যা যেকোনো বিষয়ের গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা হিসেবে বিবেচিত হয়। ইন্টারনেটে এডএক্স, কোর্সেরাসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের কোর্স বেশ স্বল্পমূল্যে বা বিনা মূল্যে করার সুযোগ আছে। কাজ বা পড়াশোনার ফাঁকে ফাঁকে কোর্স করে, গবেষণার নানা ধাপ ও প্রক্রিয়া শেখা সম্ভব।
যেসব ওয়েবসাইটে গবেষণাবিষয়ক কোর্স সম্পর্কে জানতে পারেন:
• http://training.icddrb.org/siteinfo/circularDetail?1=1&view=171
• https://bracjpgsph.org
• https://www.pircc.org/training/
• https://binarydatalab.org/category/training/
• https://www.coursera.org/courses?query=research
হাতে-কলমে গবেষণা: গবেষণা শেখার জন্য হাতে-কলমে ব্যবহারিক পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক অধ্যাপক ও শিক্ষক গবেষণায় যুক্ত থাকেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাই শিক্ষকের পরামর্শ নিন। তাঁদের সঙ্গে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজে যুক্ত হতে পারেন। আরেকটি কার্যকর উপায় হলো দেশীয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে খণ্ডকালীন কর্মী বা শিক্ষানবিশ হিসেবে কাজ। আপনার বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রের বাইরেও বিভিন্ন গবেষণা কাজে স্বেচ্ছাসেবক বা সহকারী হিসেবে কাজ শুরু করতে পারেন।