তিন মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাড়ায় বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। প্রি-পেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে গ্রাহকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা পাবনার নেতা তৌহিদুর রহমানসহ প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারী ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে গত তিন মাসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অস্বাভাবিক অতিরিক্ত বিল বাতিল এবং অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদ।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, জাতীয় বাজেট থেকে ৩০ হাজার কোটি টাকা, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ২০ হাজার কোটি টাকা এবং প্রায় পাঁচ কোটি গ্রাহকের বিদ্যুৎ বিল বাবদ ৭০ হাজার কোটি- মোট প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে যায়। এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে তার হিসাব জনগণকে দিতে হবে।
মোবাশ্বির শ্রাবণ/বিএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
