
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীরা কে কোন কলেজ পেল, তার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করবে ভর্তি কমিটি। শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে এ ফল দেখতে পারবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার সকালে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ রাতে যে ফল প্রকাশ করা হবে, তাতে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তা জানানো হবে। ২০ সেপ্টেম্বর থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সশরীরে নির্বাচিত হওয়া কলেজে গিয়ে শিক্ষার্থীদের ফি পরিশোধ করে ভর্তি হতে হবে।’

