চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী হিসেবে মো. সাদেক আলী নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি নেতারা বলছেন, পুলিশ অযথা হয়রানি করতে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করেছে। তবে পুলিশ বলছে- সাদেক আলীর আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ আছে তাদের কাছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে তাকে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সাদেক আলী গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তাহসেন আলীর ছেলে।
