
বাংলায় দাসপ্রথা ও মানুষ কেনাবেচা
দাসপ্রথার ইতিহাস বললে সাধারণত চোখের সামনে ভেসে ওঠে আফ্রিকা থেকে জাহাজে করে মানুষকে আমেরিকায় নিয়ে যাওয়ার ভয়াবহ ইতিহাস। আবার ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হলো ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্য। এর মাধ্যমে আফ্রিকা থেকে লাখো মানুষকে জোর করে আমেরিকা ও ইউরোপের উপনিবেশগুলোয় নিয়ে দাস হিসেবে বিক্রি করা হতো।
দাসপ্রথা ও দাস ব্যবসা শতাব্দীর পর শতাব্দী ধরে চললেও ১৮ শতক থেকে এর বিরুদ্ধে আন্দোলন জোরালো হয় এবং ধীরে ধীরে ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তা বিলুপ্ত হয়।
তবে দাস কেনাবেচা শুধু আটলান্টিকের ওপারের ঘটনা ছিল না। বাংলায়ও স্থানীয় মানুষকে দাস হিসেবে কেনাবেচার প্রমাণ রয়েছে। বিভিন্ন সময়ের নথি, পর্যটকদের বিবরণ ও গবেষণায় স্থানীয় মানুষকেও দাস হিসেবে বিক্রির তথ্য উঠে এসেছে।
প্রয়াত অর্থনীতিবিদ আকবর আলি খান তাঁর ‘দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বইয়ে বাংলার দাসপ্রথা প্রবন্ধে লিখেছেন, কোনো কোনো ঐতিহাসিকের ধারণা ছিল, বাংলায় শুধু বিদেশ থেকে আনা দাসদেরই কেনাবেচা হতো; স্থানীয় মানুষকে দাস হিসেবে বিক্রি করা হতো না।
আকবর আলি খান এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে লিখেছেন, ‘বাংলায় ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম দামে দাস বিক্রি হতো।’