
উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে সেখানে পানির লবণাক্ততা বাড়তে থাকায় সংকট আরও তীব্র হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।
তবে লবণাক্ততা যে শুধু সুপেয় পানির সংকট তৈরি করছে এমনটা নয়, প্রভাব ফেলছে নারীদের প্রজননস্বাস্থ্যেও।
সাতক্ষীরার শ্যামনগরে নারীদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, লবণাক্ত পানি ব্যবহারের সঙ্গে প্রজনননালির সংক্রমণ, মাসিকের অনিয়ম ও গর্ভকালীন উচ্চ রক্তচাপের মত স্বাস্থ্য সমস্যার সম্পর্ক রয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ প্রকাশিত এই গবেষণায় ১৭৫ জন নারী অংশ নেন। তাদের মধ্যে ৩৮ দশমিক ৯ শতাংশ প্রজনননালির সংক্রমণের কথা জানিয়েছেন। আর ৭২ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাদের মাসিক অনিয়মিত বা দীর্ঘায়িত হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, লবণাক্ত পানি ব্যবহারে নারীদের প্রজননস্বাস্থ্যজনিত সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ধোয়া, রান্না ও পান করার কাজে প্রতিদিন লবণাক্ত পানির সংস্পর্শে এলে ডায়রিয়া, ত্বকের সংক্রমণ, মাসিক ও প্রজননস্বাস্থ্যজনিত জটিলতা এবং হৃদরোগ ও বিপাকক্রিয়াজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।