
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সেই মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মিছিলটি সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কে হয়েছে বলে প্রচার করা হলেও পুলিশ বলছে, মিছিলটি ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় হয়েছে।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “মিছিলটি সদরে হয়নি।” এটি রায়পুরের বর্ডার বাজার এলাকায় হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
ভিডিওতে ১৫ থেকে ২০ জনকে মিছিলে অংশ নিতে দেখা যায়। লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে ভিডিওতে দেখা যায়।
মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নামেও স্লোগান দেওয়া হয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তারা সবাই পলাতক রয়েছেন। সাদ্দাম ও ইনান ছাড়া অন্যদের অর্ধেক সম্পদ জব্দ করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।