
বরগুনায় এজলাসে গালাগালি-উচ্চবাচ্য ও কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের এজলাসে এ ঘটনা ঘটে।
দণ্ডিত মো. বশির (৪০) সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘একটি নালিশী মামলায় (সিআর) মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে তিনি উত্তেজিত হয়ে এজলাসে গালিগালাজ ও উচ্চবাচ্য করতে থাকেন। আইনজীবীরা তাকে থামতে বললেও তিনি তা শোনেননি।’
‘একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হাতকড়া পরাতে গেলে তাদের ওপর হামলা করেন বশির। এতে পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা আহত হন।’
‘পরে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক তাৎক্ষণিকভাবে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’