
বাংলাদেশে বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া চলছে, সেখানে অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে বলে মনে করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। বিষয়টি মানুষের মধ্যে অনেক উদ্বেগ তৈরি করছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনায় কি-নোট স্পিকার হিসেবে অংশ নিয়ে রওনক জাহান এ কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা ও চ্যালেঞ্জ নিয়ে ‘ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ)।
দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন ছিল আজ। সমাপনী অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রথমেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘বাংলাদেশ হওয়ার পর আমরা অন্তত তিনটি ট্রানজিশন পিরিয়ড (উত্তরণকাল) দেখেছি। এগুলো হলো ১৯৯০, ২০০৮ ও ২০২৪। কিন্তু গণতন্ত্রকে কনসলিডেট (সংহত) করার ক্ষেত্রে আমাদের রেকর্ড অসাধারণ নয়। এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতারাও অল্প সময়ের মধ্যেই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। এমন নয় যে এটা শুধু গত ১৬ বছরেই ঘটেছে; বরং আমাদের দেশের শুরু থেকেই এটা ঘটেছে।’
বর্তমানে যে গণতান্ত্রিক উত্তরণের আশা করা হচ্ছে, সেখানে অনিশ্চয়তার কারণগুলো উল্লেখ করেন রওনক জাহান। তাঁর মতে, মূলধারার রাজনৈতিক দলগুলো ভালোভাবে সংগঠিত নয়। একটি প্রধান দল এ মুহূর্তে বাইরে আছে। ১৬ বছর রাজনৈতিক নিপীড়ন মোকাবিলা করা বিএনপিও সেভাবে সংগঠিত নয়। ফলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটিতে অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে। এটা মানুষের মধ্যে অনেক উদ্বেগও তৈরি করছে।