
নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিং করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
শুক্রবার বিকালে নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠ থেকে তাদের আটক করা হয় বলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন।
আটকরা হলেন-মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের রাস্তায় শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এমন প্রচারের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
“গত বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে তারা কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ওই রাতেই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।”
আটক শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন এসপি।
গত বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছেন এক যুবক। প্রচারের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্য ধর্ম ও জাতির মানুষকে আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে দাবি করা হয়। এ সময় দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এসপি বলেন, “নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। মাইকিংয়ের ঘটনায় জড়িত বাকিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
