
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল–মানদেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হয়ে ওঠে। প্রণালিটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের প্রবেশপথ। ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ।
হুতিরা সেটির দখল নেওয়ায় বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ভীষণ বিপদে পড়ে গেছে। হুতিরা সৌদি আরবের জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো শুরু করে।
হুতিদের দমন করতে সৌদি আরব সক্রিয় হয়ে ওঠে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের প্রস্তাবিত অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল, হুতিদের দ্রুত অগ্রযাত্রায় অর্জিত সাফল্য উল্টে দেওয়া।
কিন্তু হুতিরা সৌদি আরবের এই পরিকল্পনা এখন পর্যন্ত সফল হতে দেয়নি। বরং তারা হামলার জবাব হামলা দিয়ে দেওয়া শুরু করে। গত জুলাইয়ে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমাবর্ষণ করেছিল সৌদি আরব। হুতিদের একটি প্রতিনিধিদল যাতে সেখানে নামতে না পারে, সে জন্য ওই হামলা চালানো হয়েছিল। তারপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে।
হুতিরা শুধু রিয়াদের কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ২০ বার হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও বেশির ভাগ হামলাই দেশ রুখে দিয়েছে; কিন্তু সব হামলা রুখে দেওয়া সম্ভব হয়নি। আর এখানে এগিয়ে গেছে হুতিরা।
ইয়েমেনের হুতিদের হাতে এখন নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। এসব অস্ত্র দিয়ে তারা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।