
গবেষণার জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে মোট ৪৮টি তামাকজাত পণ্য এবং পানমসলার নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বাংলাদেশের পণ্য রয়েছে ৩৪টি। এর মধ্যে ২২টি জর্দা, ৪ ব্র্যান্ডের গুল,৩টি পানমসলা ও ৩ ধরনের সুপারি রয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে এসব পণ্যের নমুনা সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। গবেষকেরা বলছেন, তামাকজাত পণ্যের নিকোটিন আসক্তি তৈরি করে। এ ছাড়া এসব পণ্যে নাইট্রোসেমিন (টিএসনএ) নামের একধরনের রাসায়নিক উপাদান থাকে, যা মুখের ক্যানসারের জন্য দায়ী।
গবেষকেরা ধোঁয়াহীন তামাকপণ্য (এসএলটি) বোঝাতে গুঁড়া তামাক, গাঁজন করা তামাক, জর্দা, গুল, সাদাপাতা, গোটা, খইনি, নস্যি ও পানমসলাকে চিহ্নিত করেছেন। তাঁরা বলছেন, এসব পণ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জনস্বাস্থ্যে প্রভাব ফেলছে।