
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে তার বর্তমান মেয়াদ ২০৩০ সালে শেষ হবে।
তিনি জানান, তার ক্ষমতা ছাড়ার বিষয়টি স্থির হয়ে গেছে আর মিশরের সংবিধানে কোনো সংশোধনী আনা হবে না।
শনিবার মিশরের সামরিক একাডেমিতে নতুন একটি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি নিজের বর্তমান মেয়াদ শেষে ক্ষমতা থেকে সরে যাওয়া প্রসঙ্গে বলেন, “আমি বলেছিলাম যে মিশরের সংবিধানে হাত দেওয়া হবে না। এটি সম্পূর্ণ মীমাংসিত একটি বিষয় আর এ নিয়ে কোনো আলোচনা হবে না।”
সিসি (৭১) ২০২৩ সালের ডিসেম্বরে পুননির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে আরও ছয় বছর মেয়াদে দায়িত্বপালন করছেন।
২০১৯ সালে এক গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংশোধনীগুলোর মাধ্যমে মিশরের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয় আর সিসিকে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। এতে ২০৩০ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়।
সামরিক বাহিনীর সাবেক জেনারেল সিসি ২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। মুরসির শাসনের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মধ্যে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন তিনি।
bdnews24