
Published :
17 Oct 2026, 03:01 PM
বান্দরবানে নিজের পরিচালিত রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে এক মারমা নারী বান্দরবান সদর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম।
গ্রেপ্তার শৈক্যসিং মারমা (৫৫) বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়ার বাসিন্দা মংশৈপ্রু মারমার ছেলে। তিনি এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহারের বরাতে কামরুল ইসলাম বলেন, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শহরে বসবাস করছেন।
বিচ্ছেদ হওয়ার পর দূর সম্পর্কের আত্মীয় এনসিপি নেতা বিয়ের আশ্বাস দিয়ে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশে নিজের পরিচালিত ‘সাইনি রিসোর্টে’ নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, শুক্রবার ওই নারীকে রিসোর্টে ডেকে নিয়ে ধর্ষণের পর তারা একসাথে দুপুরের খাবার খান। বিকাল সাড়ে ৩টার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় শৈক্যসিং মারমা নারীকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। পরে খারাপ ব্যবহার শুরু করেন এবং শারিরীকভাবেও নির্যাতন করা হয়।
এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে শৈক্যসিং ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে।
জেলা এনসিপি আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, “দলের জেলা যুগ্ম আহ্বায়কের এ ঘটনায় জেলা এনসিপি অত্যন্ত বিভ্রান্ত। দলের গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পর অভিযান চালিয়ে শৈক্যসিং মারমাকে তার বান্দরবান সদর মধ্যম পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।