• শুক্র. অক্টো. 16th, 2026

সিলেটে পরিচ্ছন্নতাকর্মী খুন: বিচার ও ক্ষতিপূরণ দাবি, গ্রেপ্তার ৩ আসামি

Bytrendnews

অক্টো. 16, 2026


সিলেট নগরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হৃদয় কুমার হরিজন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসামির মধ্যে একজন পলাতক আছেন।

এদিকে হত্যায় জড়িতদের ফাঁসি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দাবিতে সমাবেশ করেছে হরিজন ঐক্য কল্যাণ পরিষদ।

শুক্রবার বিকালে নগরের উপশহর এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

বৃহস্পতিবার সকালে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- ইমন আহমেদ (২৬), রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং পারভেজ (২২)। অপর আসামি আমিন আহমদ (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ কমিশনার শামীম বলেন, ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া সাজ্জাদের বিরুদ্ধে দুটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

এ ছাড়া পলাতক আসামি আমিন আহমদের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, মাদক ও মারামারিসহ ছয়টি মামলা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ রোববার রাত ৮টার দিকে নগরের কাস্টঘরের সুইপার কলোনি সংলগ্ন রাজু স্টোরের পাশের একটি ফাঁকা জায়গায় হৃদয়কে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ৩৫ বছর বয়সি হৃদয় কুমার সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। ঘটনার পরদিন চারজনকে আসামি করে মামলা করা হয়।

মামলার বরাতে পুলিশ জানায়, ঘটনার আগে হৃদয়ের বাসার সামনে একটি ভিডিও ধারণ করেন আমিন আহমদ। হৃদয় ভিডিও ধারণ করতে নিষেধ করলে তাদের মধ্যে বিরোধ হয়। এক পর্যায়ে আমিন ও অন্য আসামিরা হৃদয়কে গালিগালাজ ও হুমকি দেন।

পরে রাত ৮টার দিকে হৃদয়কে রাস্তা থেকে ডেকে নিয়ে যান আমিন। সেখানে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

হত্যায় জড়িতদের ফাঁসি ও ক্ষতিপূরণ দাবি

হৃদয় কুমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে নগরের সিটি পয়েন্টে সমাবেশ করেছেন হরিজন ঐক্য কল্যাণ পরিষদের নেতারা। এ সময় নিহতের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়।

হরিজন ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলার সভাপতি সুজন বাশঁফোরের সভাপতিত্বে সমাবেশে হৃদয়ের ছোট বোন নূপুর বাশঁফোর, স্ত্রী পিংকি বাশঁফোর, সংগঠনটির জেলা সহসভাপতি জাফরু বাশঁফোর, সাধারণ সম্পাদক রাজু লাল, মহিলা বিষয়ক সম্পাদক সেহেলী রানী বাশঁফোর এবং সন্দীপ বাশঁফোর বক্তব্য দেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু এবং কোষাধ্যক্ষ আব্দুস সালাম।

বক্তারা বলেন, হৃদয় চার সন্তান ও পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছিলেন। হৃদয় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বর্তমানে তার পরিবারের ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন তারা।

সেইসঙ্গে হৃদয়ের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ তার পরিবারকে প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা।

পুরনো খবর:


সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যা



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।