• শুক্র. অক্টো. 9th, 2026

ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

Bytrendnews

অক্টো. 9, 2026


কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিমুখী ইংরেজি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব তুলে ধরতে সম্মেলন আয়োজন করেছে ইউল্যাব।

শুক্রবার ইউল্যাব ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (সিএলএস) ও টেসল-বিডি।

ইন্টারন্যাশনাল ‘ইংলিশ ফর স্পেসিফিক পারপাসেস’ (ইএসপি) সম্মেলনে শিক্ষাবিদ, নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, শিক্ষক ও ভাষা বিশেষজ্ঞরা অংশ নেন বলে ইউল্যাব কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্মেলন উদ্বোধন করে বলেন, পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ইংরেজি শিক্ষাকে আরও কার্যকর করতে হবে।

শিক্ষার্থীদের পেশাগত ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ইংরেজি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, ভাষা শিক্ষার সঙ্গে কর্মসংস্থান, পেশাগত উন্নয়ন এবং উচ্চশিক্ষা ও শিল্পখাতের পরিবর্তিত চাহিদার আরও কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন।

কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে ইংরেজি শিক্ষাকে আরও ব্যবহারিক ও কর্মমুখী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মাসুমা হাবিব এবং টেসল-বিডির উপদেষ্টা সাঈদুর রহমান, সিএলএস পরিচালক ফাহিম হাসান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, আইএটিইএফএল ইএসপিএসআইজি এর যুগ্ম সমন্বয়ক ব্লেয়ার ম্যাথিউস উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের ইএসপি বিশেষজ্ঞ নাইজেল কিলিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।