
গত বছর জুলাই মাসে ভার্চ্যুয়াল আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই মাসে অনলাইনে আলোকচিত্র, চিত্রকর্ম ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ।
বছরখানেক আগেও কেউ কি ভেবেছিল, অনলাইনে আয়োজিত হবে আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার, নবীনবরণ কিংবা বসন্ত উৎসব? এক মহামারি সব বদলে দিয়েছে। প্রযুক্তিকে কতভাবে কাজে লাগানো যায়, সে ধারণা আরও স্পষ্ট হয়েছে এই নতুন স্বাভাবিকে। চিরায়ত সেমিনার অনলাইন দুনিয়ায় নাম বদলে হয়েছে ওয়েবিনার। অনলাইনে অনুষ্ঠান আয়োজনের জন্য আছে বিভিন্ন ধরনের মাধ্যম। একনজরে দেখে নেওয়া যাক কোন ধরনের অনুষ্ঠানের জন্য কোন মাধ্যমগুলো কার্যকর।