• বৃহস্পতি. অক্টো. 8th, 2026

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী নিয়ে সমন্বিত কার্যক্রম চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bytrendnews

অক্টো. 8, 2026


দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সকারের সব বাহিনী নিয়ে সমন্বিত অভিযানের পরিকল্পনা আছে, তবে কোনো যৌথ অভিযান হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তরের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী গঠনের কোনো প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়নি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। সেখানে আনসার, পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য ফোর্স থাকবে। সবাই সমন্বিতভাবে কাজ করবে।’

এটা ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, সেরকম কোনো পরিকল্পনা নাই। এটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত কর্মকাণ্ডের অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি দমনের জন্য।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কারও কারও দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। যেগুলো আমাদের সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাদের প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছি, যেন কনস্ট্রাকশনের ব্যাঘাত না ঘটে এবং কাজটাও যেন সুষ্ঠুভাবে হয়। প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন ঢাকার ট্রাফিক সিস্টেমের বিভিন্ন পরিকল্পিত উন্নয়নের জন্য। অটোমেশনের ফলে অনেক জায়গায় আমরা সুফল পাচ্ছি। অটোমেটিক মামলা হয়ে যাচ্ছে এবং শৃঙ্খলার মধ্যে ফিরে আসছি।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।