[ad_1]
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ।
আয়োজকরা ইমেইলে পুরস্কার পাওয়ার খবর জানিয়েছে বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায় আরাফ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে প্রতিযোগিতায় ৫৩ হাজার ৮৪০টি রচনা জমা পড়ে।
আরাফের রচনার বিষয় ছিল ভবিষ্যৎ লক্ষ্য। এতে বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা তুলে ধরেছে সে।
আরাফ দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও শিশু অধিকার নিয়ে সে কাজ করে।
আরাফ বলে, "হ্যালো আমাকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুপ্রেরণাটা হ্যালো থেকেই পেয়েছি।"
ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি স্কুলশিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
আয়োজকদের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অংশগ্রহণের সনদ পায়। লেখার উৎকর্ষের জন্য নির্বাচিতদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া কমনওয়েলথের পাঁচটি অঞ্চল থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে একজন হবেন সামগ্রিক বিজয়ী। আঞ্চলিক বিজয়ীদের লন্ডনে এক সপ্তাহের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
[ad_2]
Source link