[ad_1]
বরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে উদ্ধারে গিয়ে ৫০০টি ইয়াবা পেয়েছে পুলিশ। এ সময় আত্মহত্যা চেষ্টাকারী তরুণীসহ তিনজনকে আটক করা হয়।
বুধবার বিকালে নগরের কালুখান সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম।
আটকরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া রাইড এলাকার কালাম হোসেনের মেয়ে শামিমা খাতুন (২২), গাইবান্ধা সদরের শিবপুর সাহপাড়ার ভোলা শেখের মেয়ে জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল ফারুক (৩১)।
ওসি মনিরুল বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে মিজানের ভাড়া বাসায় যায় পুলিশ। সেখানে গিয়ে দেখতে পায় বাসার একটি কক্ষে এক যুবক ও দুই তরুণী অবস্থান করছেন। এর মধ্যে এক তরুণী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন।
পুলিশ বাসায় ঢুকে ওই তরুণীকে নির্বৃত্ত করে। তাদের কথায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করে ৫০০ ইয়াবা পাওয়া যায়। পরে তিনজনকে আটক করা হয়।
ওসি মনিরুল বলেন, “সোমবার ওই দুই তরুণী নারায়ণগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিজানের বাসায় এসেছেন। মিজান একজন মাদক বিক্রেতা। তিনি নগরীর মাদকসেবীদের কাছে খুচরায় ইয়াবা বিক্রি করেন।”
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
bdnews24
[ad_2]
Source link