[ad_1]
Published :
12 Oct 2026, 12:36 AM
শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শ আজও অনুকরণীয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, “বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে।”
রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে রোববার গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তার আদর্শ অনুসরণ করে সমাজে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ‘দ্য অডাসিটি অব ট্রুথ: মহাত্মা গান্ধী’স আইডিয়ালিজম ইন দ্য এজ অব এক্সপেডিয়েন্সি’ শীর্ষক বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মিসবাহ।
তিনি বলেন, “গান্ধীর জীবন ও কর্ম থেকে শিক্ষা পাওয়া যায়, ক্ষমতাসীনদের বল প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ ও সংঘাতের সমাধান করা উচিত।”
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ও ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে।
[ad_2]
Source link