[ad_1]
দেশের নতুন প্রজন্মের মডেলদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ‘ফেইস অব বাংলাদেশ ২০২৬’-এর চূড়ান্ত পর্ব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৮ অক্টোবর আয়োজিত এই জমকালো গালা নাইটে নারী ও পুরুষ বিভাগে বাংলাদেশের দুই নতুন মুখ আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশি বিজয়ের মুকুট পরেছেন।
এই দুই বিজয়ী ৬ থেকে ২৬ নভেম্বর ২০২৬ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’-এর প্র্রধান আকর্ষণ ‘ফেইস অব এশিয়া’ প্রতিযোগিতায় এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দেশে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে ‘ফেইস অব বাংলাদেশ’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। দেশে এই আন্তর্জাতিক আয়োজনের নিবন্ধিত প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ বা ‘এএমটিসি’।
ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করা এএমটিসির প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ অনুষ্ঠানে বলেন, “আজকের সন্ধ্যা কেবল সৌন্দর্যের উদযাপন নয়; বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং বাংলাদেশের তরুণদের সম্ভাবনার উদযাপন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বিজয়ীরা সিউলে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনবে।”
পাঁচ শতাধিক প্রতিযোগী থেকে সেরা ১০ জনের চূড়ান্ত পর্ব
‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)’র তত্ত্বাবধানে এবারের ‘ফেইস অব বাংলাদেশ’-এ অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে পাঁচশ তরুণ-তরুণী আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে নারী ও পুরুষ বিভাগে সেরা ১০ জন করে মোট ২০ জনকে নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়।
দীর্ঘ ‘গ্রুমিং সেইশনে’ প্রতিযোগীদের মঞ্চে উপস্থিতি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভা যাচাই করা হয়। ধারাবাহিক এই প্রক্রিয়া শেষে পুরুষ বিভাগে প্রথম রানার আপ হয়েছেন এসকে আবদুল্লাহ আরউইন এবং দ্বিতীয় রানার আপের ট্রফি জিতেছেন রাকিবুল হাফিজ ইখতি।
নারী বিভাগে প্রথম রানার আপের স্বীকৃতি পেয়েছেন সাদিয়া হোসেন অর্পিতা এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ফেরদৌসী তানভীর ইচ্ছা।
বিশেষ যোগ্যতা ও বিচারকমণ্ডলী
চূড়ান্ত শিরোপার পাশাপাশি বিভিন্ন বিশেষ বিভাগে জয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।
‘রিজুভা ওয়েলনেস’-এর সৌজন্যে ‘বেস্ট হেয়ার’ নির্বাচিত হন এসকে আবদুল্লাহ আরউইন, ‘বেস্ট স্কিন’ সাদিয়া হোসেন অর্পিতা এবং ‘বেস্ট স্মাইল’ পুরস্কার জেতেন বিজয়ী আফসানা সুলতানা।
‘বসুন্ধরা গোল্ড’স জিম’-এর সৌজন্যে ‘বেস্ট ফিজিক’ নির্বাচিত হন অদিত সারজিল কোরেশি। এছাড়া ‘পারসোনা’র সৌজন্যে ‘বেস্ট পারসোনা’ পুরুষ ও নারী বিভাগে যথাক্রমে পুরস্কৃত হন রাকিবুল হাফিজ ইখতি ও ফেরদৌসী তানভীর ইচ্ছা।
চূড়ান্ত পর্বের মঞ্চে প্রতিযোগীদের মূল্যায়নের দায়িত্বে ছিলেন পারসোনা’র কানিজ আলমাস খান, জুরহেম-এর সৃজনশীল পরিচালক মেহরুজ মুনির, মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া, ত্বক-বিশেষজ্ঞ ডা. তাওহিদা রহমান ইরিন, আলোকচিত্রশিল্পী রফিকুল ইসলাম রাফ, ফ্যাশন উপদেষ্টা শেখ সাইফুর রহমান এবং মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ।
[ad_2]
Source link