[ad_1]
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার মধ্যরাতে শহরের আজাদী ময়দান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।
আগুনের খবর পেয়ে শনিবার সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, যুগ্ম আহ্বায়ক এ মজিদ বিশ্বাস এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
বিএনপি সরকারের সাফল্য নস্যাৎ করতে পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল।
তিনি বলেন, “কার্যালয়টি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়েছিল। তবে কোনো কারণে কার্যালয়ের কেচি গেইট ভাঙতে পারেনি হামলাকারীরা। ফলে গেটের সামনে থাকা ব্যানার-ফেস্টুন পুড়ে গেলেও কার্যালয়ের ভেতরে আগুন ছড়িয়ে পড়েনি।”
মঞ্জুরুল আলম দুলাল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন তিনি।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র সেটা তারা ফিরে পেতে চায়। উদ্দেশ্য প্রনোদিতভাবে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন তিনি।
বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক আতর আলী বলেন, “রাত একটা পর্যন্ত পাহারা দেওয়ার পর আমি বাড়িতে যাই। সকালে এসে দেখি কার্যালয়ের সামনের গেইটে আগুন দেওয়া হয়েছে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।”
আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি উত্তম কুমার ঘোষ।
[ad_2]
Source link