[ad_1]
ক্লিপ-অন বা কানের পাশে আটকে রাখা যাবে এমন ডিজাইনের ইয়ারবাড বাজারে আনল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাং।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বাজারে ‘গ্যালাক্সি বাডস অন’ উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানিটি। এর ফলে বোস, হুয়াওয়ে ও শকের মতো ব্র্যান্ডের জনপ্রিয় করা ডিজাইনটি এবার গ্যালাক্সি ইকোসিস্টেমেও যোগ হল।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এই ইয়ারবাড হাতে পেতে ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
যাদের এই ডিজাইন সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলে রাখা ভালো, এসব ক্লিপ-অন বাডস কানের ক্যানেল খোলা রেখে কানের পাশে ল্যাচ বা ক্লিপের মতো আটকে থাকে।
কানের ভেতরে কিছু গুঁজে রাখার অনুভূতি যাদের পছন্দ নয় তাদের জন্য এটা দারুণ সুবিধা হলেও এ ডিজাইনের অসুবিধা হচ্ছে এতে শব্দ বাইরে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
স্যামসাং দাবি করেছে, তারা ‘টুইনবুস্ট’ স্পিকার সিস্টেমের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে, যা শব্দের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করবে।
ব্যবহারের স্বাচ্ছন্দ্য বাড়াতে বাডসগুলোতে বড় কনট্যাক্ট এরিয়া রাখা হয়েছে, যাতে কানের ব্যান্ডের ওপর সমানভাবে চাপ পড়ে।
প্রতিটি বাডসের পেছনের অংশে রয়েছে টাচ কন্ট্রোল এবং কল করার সময় স্পষ্ট আওয়াজ নিশ্চিতে যোগ করা হয়েছে ভয়েস-আইসোলেশন ফিচার।
প্রযুক্তি সাইট নাইনটুফাইভগুগল বলেছে, গ্যালাক্সি বাডস অন-এর কেসিং বাইরে থেকে ‘গ্যালাক্সি বাডস ৪’-এর সঙ্গে হুবহু মেলে।
স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা এতে কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে হ্যান্ডস-ফ্রি ফিচার, যেমন কল নিয়ন্ত্রণের জন্য মাথা নড়াচড়ার ইশারা বা হেড জেসচার, জেমিনাই লাইভ সমর্থন ও টাচ এরিয়া চেপে ধরে রাখলে চালু হওয়া ‘কুইক ভয়েস মেমো’ ফিচার।
দক্ষিণ কোরিয়ায় ২৭ অক্টোবর কেবল একটি কালো রঙে গ্যালাক্সি বাডস অন বাজারে আসবে। এর দাম পড়বে ২২০ ডলার।
স্যামসাং বলেছে, ইয়ারবাডটি বিশ্বজুড়েই বাজারে আসবে। তবে এর নির্দিষ্ট কোনো অঞ্চল, তারিখ বা দাম সম্পর্কে এখনও কিছু ঘোষণা আসেনি।
[ad_2]
Source link