[ad_1]
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও সাত জন ক্রিকেটার।
২৩ দেশের চারশর বেশি ক্রিকেটার নিয়ে মঙ্গলবার নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি। পারিশ্রমিকের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের রাখা হয়েছে, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার ডলার। বাকি দুটি ক্যাটাগরি ৪০ হাজার ও ১০ হাজার ডলারের।
পেসার নাহিদ ও লেগ স্পিনার রিশাদ এর আগে কখনও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি। তবে অভিজ্ঞ পেসার তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নেন। এবার তাকে ছেড়ে দিয়েছে দলটি।
একমাত্র খেলোয়াড় হিসেবে সিকান্দার রাজাকে ধরে রেখেছে শারজাহ। অ্যাডাম মিল্ন, জেমস ভিন্স ও ওয়াকার সালামখেইলকে চুক্তিবদ্ধ করেছে তারা।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর শেষ ক্যাটাগরিতে আছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, কিপার-ব্যাটসম্যান জাকের আলি ও পেসার তানজিম হাসান।
নিলামে জায়গা পাওয়া ক্রিকেটারদের আর কেবল সাকিবেরই আছে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। গত আসরের রানার্স আপ এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচ খেলে ১১৫ রান করেন তিনি। বাঁহাতি স্পিনে নেন তিন উইকেট।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আগামী আসরের জন্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলটির হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার।
নিলামের শীর্ষ ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, শ্রীলঙ্কার দাসুন শানাকাদের মতো তারকারা।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে নিলাম অনুষ্ঠান। আর ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হবে মাঠের লড়াই।
[ad_2]
Source link