
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রত্যাহার করা হয়। এতে বলা হয়, শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
