
সমস্যা শব্দটা আমরা সাধারণত নেতিবাচক অর্থেই ব্যবহার করি। কিন্তু বিশ্বের ইতিহাসে সব চেয়ে বড় আবিষ্কারগুলোই এসেছে কোনো না কোনো সমস্যাকে সমাধান করতে গিয়ে। আগুন, চাকা, কলম, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট—এসব কিছুই মানুষের জীবনের জটিলতা কমাতে তৈরি হয়েছে। সুতরাং বলা যায়, সমস্যাই নতুন সুযোগের জন্ম দেয়। আর যারা এই সুযোগকে চিনে তা সমাধানের মাধ্যমে সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়, তাদের আমরা বলি উদ্যোক্তা।
বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, কিন্তু সেই সম্ভাবনার পেছনে লুকিয়ে আছে শত শত সমস্যা—দারিদ্র্য, বেকারত্ব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, অশিক্ষা, দূষণ, যানজট, কৃষিতে আধুনিকতার অভাব, প্রযুক্তির অভাব, শহর-কেন্দ্রিক উন্নয়ন ইত্যাদি। কিন্তু এই সমস্যাগুলোকে যদি শুধুই অভিযোগের চোখে না দেখে কেউ যদি সমাধানের সুযোগ হিসেবে দেখে, তাহলে সে-ই হবে আসল উদ্যোক্তা। আজকের পৃথিবীতে উদ্ভাবনী শক্তির ভিত্তিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে দ্রুত এগোচ্ছে—Airbnb ঘর ভাড়া সমস্যার সমাধান দিয়েছে, Uber ট্রান্সপোর্ট সমস্যার, Pathao বাংলাদেশে ট্র্যাফিক আর ডেলিভারির চ্যালেঞ্জ থেকে এসেছে।
বাংলাদেশে ২০২৪ সালের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২০ লাখ নতুন কর্মক্ষম যুবক শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কর্মসংস্থান তৈরি হয় সর্বোচ্চ ৮-১০ লাখের জন্য। অর্থাৎ প্রতি বছর প্রায় ১০-১২ লাখ যুবক ও যুবতী কর্মসংস্থান থেকে বঞ্চিত হন। এই বেকারত্বই দেশের অন্যতম বড় সমস্যা, কিন্তু এটিই আবার উদ্যোক্তার সবচেয়ে বড় সুযোগ। কারণ একজন উদ্যোক্তা নিজে শুধু জীবিকার ব্যবস্থা করেন না, বরং অন্য দশজনের জীবিকাও তৈরি করেন।