
এলডিসি উত্তরণের পর বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্য ও শিল্পের অবস্থান ধরে রাখতে বুদ্ধিবৃত্তিক সম্পদ অধিকার (আইপিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তার মতে, ভবিষ্যতের প্রতিযোগিতায় শুধু বেশি উৎপাদন নয়, উদ্ভাবন, ব্র্যান্ডের মূল্য এবং প্রযুক্তিগত সক্ষমতাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তাই ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাকসহ সম্ভাবনাময় শিল্পে উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ব্র্যান্ডিং এবং মূল্য সংযোজন বাড়াতে হবে। একই সঙ্গে উদ্ভাবন ও সৃষ্টিশীল কাজের স্বত্ব সুরক্ষায় আইপিআর ব্যবস্থার প্রয়োগ আরও শক্তিশালী করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ‘ইন্ডাস্ট্রিয়াল শিফট ইন দ্য পোস্ট-এলডিসি ইরা: স্ট্র্যাটেজিস ফর আইপিআর ইস্যুজ অব কি ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশনে (এফজিডি) এসব কথা বলেন তিনি।