
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ সব ধরনের সুবিধা হারাবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি বলেন, এতে কিছু ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দুই বছরের মধ্যে প্রয়োজনীয় কমপ্লায়েন্স, প্রস্তুতি ও সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাকি ছয় মাসে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি সম্পন্ন করা হবে। এজন্য একটি রোডম্যাপ ও অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল শিফট ইন দ্য পোস্ট-এলডিসি ইরা: স্ট্র্যাটেজিস ফর আইপিআর ইস্যুজ অব কি ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসজিপি, ইআরডি ও ডিসিসিআই যৌথভাবে এ আয়োজন করে।
শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, এলডিসি উত্তরণের পর কোন কোন সুবিধা থাকবে এবং কোথায় চ্যালেঞ্জ তৈরি হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তুতি দরকার। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের করণীয়ও নির্ধারণ করা হচ্ছে। বিসিসিআই ও এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় রোডম্যাপটি পরিশীলিত করা হচ্ছে।
