
জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তারা নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না। ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেল প্রযোজ্য হবে না।
নতুন পে-স্কেল নিয়ে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল ২০২৬-এর প্রাপ্যতা ও বেতন নির্ধারণের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে এই নিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে যে কর্মচারীর অবসরোত্তর ছুটি শেষ হবে, অর্থাৎ যিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসরে যাবেন, তিনি ১ জুলাই থেকে কার্যকর জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এ ধরনের কর্মচারীর বেতন শুধু পেনশন নির্ধারণের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে।