
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) গত এক বছরে বিশ্ববিদ্যালয় উন্নয়ন ও শিক্ষার্থীকল্যাণমূলক বিভিন্ন কাজে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জাকসু পেয়েছে মাত্র ১৮ লাখ টাকা। বাকি অর্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্পন্সরদের সহযোগিতায় সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে জাকসু।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাকসুর সদ্য সাবেক এজিএস ফেরদৌস আল হাসান।
ফেরদৌস আল হাসান বলেন, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর জাকসুর কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আউটসোর্সিং ও স্পন্সরশিপের মাধ্যমে অর্থ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও বাজেট সংকটের কারণে অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সমাধান সম্ভব হয়নি। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফার্মের সহযোগিতা এবং স্পন্সরশিপের মাধ্যমে এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
ফেরদৌস আল হাসান জানান, দায়িত্ব গ্রহণের পর এক বছরে মোট ৩৩৮টি কর্মসূচি বাস্তবায়ন করেছে জাকসু। এসব কর্মসূচির মধ্যে সভা-সেমিনার, প্রশিক্ষণ, উন্নয়নমূলক কাজ, আবাসিক হলগুলোতে সরঞ্জাম সরবরাহ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে।
উন্নয়ন ও অবকাঠামো
জাকসুর উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। ২১টি আবাসিক হলে কম্পিউটার, ডেস্কটপ সেটআপ ও টেবিল সরবরাহে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ ৩৫ হাজার টাকা।