
বিভিন্ন গবেষণা ও হিসাব অনুযায়ী, প্রতিবছর হাজার হাজার শিশু নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। কিন্তু অনেক শিশুর রোগ সময়মতো শনাক্ত হয় না এবং অনেকে প্রয়োজনীয় চিকিৎসার আওতায়ও আসতে পারে না। দেরিতে রোগ শনাক্ত হওয়া, চিকিৎসার উচ্চ ব্যয়, চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর অসুবিধা, প্রয়োজনীয় ওষুধ ও সহায়ক চিকিৎসার সীমাবদ্ধতা এবং চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেওয়া-এসব বাংলাদেশের শিশু ক্যানসার চিকিৎসার বড়ো চ্যালেঞ্জ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় শিশু ক্যানসার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বক্তারা এমন তথ্য দেন।
‘ভয় নয়, সচেতনতা। বিলম্ব নয়, সময়মতো চিকিৎসা’ এই স্লোগান নিয়ে প্যাডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে শিশু ক্যানসার সচেতনতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বর্ণাঢ্য র্যালি ও ঢাকার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রেস ব্রিফিং করা হয়।
শিশু ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ সকল কর্মসূচি পালন করা হয়।
