
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে। তার গান, সৃষ্টিশীলতা ও অসাধারণ প্রতিভার পাশাপাশি মানুষের জন্য তার ভালোবাসার কথাও বারবার উঠে আসছে স্মৃতিচারণায়। এবার জুবিনের মুম্বাইয়ের বাড়ির একটি অজানা ঘটনা সামনে আনলেন এক সহশিল্পী। জানালেন, নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন এমন অনেক মানুষকে, যাদের থাকার জায়গা বা পর্যাপ্ত অর্থ ছিল না। তাদের থাকা-খাওয়ার দায়িত্বও নিতেন জুবিন নিজেই।
জুবিন গার্গের সঙ্গে ‘মন মানে না’, ‘সোনিয়ে তু’র মতো গান গেয়েছেন ওই শিল্পী। তবে গান করার অনেক পরে ব্যক্তিগতভাবে তাদের পরিচয় হয়। একবার জুবিনের একটি গান রেকর্ড করতে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেই সফরের স্মৃতি আজও তার মনে অমলিন।
মুম্বাইয়ের আন্ধেরিতে বাংলোর আদলে একটি বাড়ি ছিল জুবিনের। সেখানেই ছিল তার স্টুডিও। জুবিনের তৈরি করা একটি গান রেকর্ড করতে সেই বাড়িতে গিয়েছিলেন ওই শিল্পী। সেখানে গিয়ে জুবিনের মানবিকতার অন্য এক রূপ দেখেছিলেন তিনি।
