গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শামীম মিয়া (৪৫) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের নাম-পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই সড়কের পাশে পড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএইচকে
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।