কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে প্রবাসে থাকলেও দেশের ভক্ত-অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে নিয়মিতই। এবার হঠাৎ একটি ভিডিও বার্তায় হাজির হয়ে নতুন খবর জানালেন এই অভিনেত্রী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌসুমীর সেই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী।
ভিডিওর শুরুতেই দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী খুব উৎসাহের সঙ্গে এই রেস্তোরাঁ ব্যবসা করে আসছে।’
মৌসুমীর কথায় জানা যায়, তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হচ্ছে নতুন শাখা। ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁ’র প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন শাখা।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হবে বলে জানান মৌসুমী। এ সময় ভক্ত-অনুরাগীদের রেস্তোরাঁয় আসার আমন্ত্রণও জানান তিনি।
মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্তোরাঁর গ্রাহক হয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে। কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার রাখব।’
