[ad_1]
চট্টগ্রামে নতুন করে ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এসময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৭৪ জন। বর্তমানে ১৭৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস
[ad_2]
Source link